উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে আগামী ডিসেম্বর থেকে দেশে শুরু হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এর প্রাথমিক কার্যক্রম। আজ রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য জানান।
তিনি জানান, বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর অঙ্গীকার বাস্তবায়নে তরুণ সমাজের জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা থেকে প্রাথমিক কার্যক্রম শুরুর পর তা পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যবর্তী দূরত্ব কমাতে দেশব্যাপী নিয়মিত ‘ক্যারিয়ার ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মাহদী আমিন আরও বলেন, চাকরিপ্রার্থীদের দক্ষতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ‘এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইকোসিস্টেম’ গড়ে তোলা হবে। এর আওতায় সিভি তৈরি, সক্ষমতা বৃদ্ধি ও ইন্টারভিউ মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া বিদেশে যেতে ইচ্ছুক নিবন্ধিত তরুণ-তরুণীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ দিতে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সাথে যুক্ত করা হবে।
গত ছয় মাস ধরে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যুবশক্তির দক্ষতার ডাটাবেজ এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সমন্বয় করা হবে। সংবাদ ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সচিব মো: আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।