উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন মালিকের মাঝে ১০ কোটি ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। রোববার বেলা ১১টায় বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিকের হাতে ২৪টি চেকের মাধ্যমে এই অর্থ তুলে দেন জেলা প্রশাসক। এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ।
জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ জানান, এই প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্তদের প্রায় ১৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য আইনানুগভাবে ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে মালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। উল্লেখ্য, এই প্রকল্পটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পণ্য পরিবহন আরও গতিশীল করতে বাস্তবায়িত হচ্ছে।