উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঘূর্ণিঝড়, বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পিরোজপুরে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ রেজাউল্লাহ এবং সঞ্চালনা করেন উত্তরণের উপজেলা ম্যানেজার শেখ রেদওয়ান উল ইসলাম।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান মামুনসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস দেন।
সভায় জানানো হয়, উত্তরণের বাস্তবায়নে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পিরোজপুরের জিয়ানগরসহ বাগেরহাটের শরণখোলা, খুলনার কয়রা, সাতক্ষীরার আশাশুনি এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো দুর্যোগের পূর্বাভাসের সঙ্গে ট্রিগারভিত্তিক আগাম কার্যক্রম যুক্ত করে স্থানীয় পর্যায়ে আগাম সতর্কতা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। এর মাধ্যমে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণ করে উপকূলীয় জনগোষ্ঠীর প্রাণহানি এবং আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ নেওয়া হবে।