উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুকাঠি গ্রামের গৃহবধূ শাহিনুর বেগম (৪৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বর্তমানে তাঁর শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন হলেও দিনমজুর স্বামীর পক্ষে সেই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে সামান্য জ্বর দিয়ে শাহিনুরের অসুস্থতা শুরু হয়। প্রথমে স্থানীয়ভাবে এবং পরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে এবং একপর্যায়ে শরীরের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করে। বর্তমানে অসহ্য যন্ত্রণা নিয়ে বিছানায় দিন কাটাচ্ছেন তিনি।
শাহিনুরের স্বামী মোস্তফা আকন পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়া এই পরিবারের পক্ষে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করা হলেও এখন আর চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো সংগতি নেই। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে তা থমকে আছে।
অসুস্থ শাহিনুর বেগম এখন বাঁচার আকুতি নিয়ে দিন গুনছেন। এমতাবস্থায় তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা কামনা করেছে অসহায় পরিবারটি। সবার সহযোগিতায় শাহিনুর সুস্থ জীবনে ফিরবেন—এমনটাই প্রত্যাশা স্বজনদের।