উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও গাড়ির ওপর হামলার ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই ঘটনার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করেছেন এবং একে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কড়া মন্তব্য প্রকাশ করেন।
এর আগে সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তাঁর ওপর ডিম নিক্ষেপের পাশাপাশি বহনকারী গাড়ি ভাঙচুর করা হয় এবং পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। নাহিদ ইসলাম তাঁর পোস্টে একে পাটওয়ারীর ওপর পঞ্চমবারের হামলা হিসেবে উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে কিন্তু তার জবাব হামলা বা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক নেতা বা কর্মীকে হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।