উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ফল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের কান্দিরপাড়, পুলিশ লাইনস ও ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ফল, ডিম ও সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং তালিকা না টানানোর দায়ে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার টাকা, জাহির ফল দোকানকে ৩ হাজার টাকা, হোসেন ফল দোকানকে ৩ হাজার টাকা, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণের জন্য সতর্ক করা হয়।