উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মিথ্যা মামলা দিয়ে একজন মুক্তিযোদ্ধাকে আদালতের কাঠগড়ায় ওঠানো প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দুর্নীতি ও চুরির সঙ্গে জড়িত এসব মানুষের কাছে কোনো ইনসাফ নেই। আজ রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারের নীতিনির্ধারণী মহলের নির্দেশনা ছাড়া এই জুলুম হতে পারে না বলে মন্তব্য করেন জামায়াত নেতা গোলাম পরওয়ার।
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে খুনি ও ডাকাতদের মতো হ্যান্ডকাফ, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানোর তীব্র নিন্দা জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, আখতারুজ্জামান জাতির শ্রেষ্ঠ সম্মান পাওয়ার যোগ্য এবং তাঁকে এভাবে লাঞ্ছিত করার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়েছে। রোববার আদালতে আখতারুজ্জামানের শুনানিকে কেন্দ্র করে বিএনপির আইনজীবীরা মব সৃষ্টি করে উত্তেজনা ও হাতাহাতি করেছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া সিলিন্ডার গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন।