উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সিলেট পাকিস্তানি হানাদারমুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যে সিলেট মুক্ত দিবস উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে আজ রোববার নগরীর জেলা পরিষদ মিলনায়তনে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী সভায় বলেন যে, সিলেট মুক্ত দিবস উদযাপন একটি স্মরণীয় উদ্যোগ এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়া জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক জানান যে, আগামী ১৫ ডিসেম্বর সিলেট মুক্ত দিবস ব্যাপকভাবে উদযাপনে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠান সফল করতে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক স্মারকগ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রচার-প্রচারণা, ব্যবস্থাপনা ও সংবর্ধনাসহ নানা কার্যক্রম গ্রহণ করা হবে।