উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবির পল্টন থানা শাখা আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান।
জনমত উপেক্ষা করে এ ধরনের চুক্তি করা হলে দেশের ওপর বিদেশি আধিপত্য বাড়বে বলে মন্তব্য করেন রুহিন হোসেন। গত ১ অক্টোবর চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে একটি খসড়া চুক্তি অনুমোদনের কথা অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি বা অব্যবস্থাপনা দূর করার পাশাপাশি প্রয়োজনে আধুনিক যন্ত্রপাতি কিনতে হবে এবং বিদেশি বিশেষজ্ঞ আনা যেতে পারে। কিন্তু পুরো পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দিয়ে দেশের সার্বভৌমত্ববিরোধী কোনো অবস্থান নেওয়া যাবে না বলে তিনি সতর্ক করেন।
সিপিবির পল্টন শাখার নেতা রফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ত্রিদীব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল, রবিউল ইসলাম ও সেকেন্দার হায়াত। দেশের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।