উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। সোমবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
এর আগে সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায়। সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের এই নতুন দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগের দামের তুলনায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম কিছুটা কমেছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে।
স্বর্ণের দাম কমানো হলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা অপরিবর্তিত রয়েছে। একইভাবে অন্যান্য গ্রেডের রুপার দামও আগের মতো বহাল রাখা হয়েছে।