উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি ভাড়া পরিশোধ না করে ভোগদখলে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ আজ এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগসংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ এবং চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২, রহমতগঞ্জের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী ও বর্তমান বাগেরহাটের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুকসহ মোট আটজন। দুদক জানিয়েছে, অভিযুক্তরা একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ভুয়া রেকর্ডপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে এই অপরাধ সংঘটিত করেছেন।
ভুয়া রেকর্ডপত্র আসল হিসেবে ব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি জমি নিজেদের ভোগদখলে রাখেন তারা। এর ফলে সরকারের ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আর্থিক ক্ষতি হয়েছে এবং এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং সরকারি সম্পত্তি থেকে অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।