উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অতীতের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হিসেবে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকে। কিন্তু প্রার্থী হিসেবে নারীর উপস্থিতি খুবই কম হয় এবং এ ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক বিশ্বাস বড় বিষয় হিসেবে কাজ করে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিঙ্গসমতা নিয়ে আয়োজিত এক কর্মশালায় সিইসি এই কথাগুলো বলেন। নির্বাচন কমিশন নারীদের কার্যকর ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন তিনি।
রাজনীতিতে নারীর ক্ষমতায়নের বিষয়ে সিইসি জানান, জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বিধান থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন আইন বাস্তবায়নে যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ নন।
২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনের প্রসঙ্গ তুলে সিইসি বলেন, সেখানে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে প্রায় ১ হাজার ৫০০ জন বেশি। ভোটার নিবন্ধন কার্যক্রমের মাধ্যমেই কেবল এমন অবস্থায় পৌঁছানো সম্ভব হয়েছে।