উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থান বাড়াতে আগামী ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। আজ রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার। বিএনপির নির্বাচনী ম্যানিফেস্টোর অঙ্গীকার অনুযায়ী তরুণ সমাজের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, একদিকে কর্মক্ষম যুবশক্তির দক্ষতা ও যোগ্যতার ডাটাবেজ থাকবে এবং অন্যদিকে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাজের চাহিদার হিসাব থাকবে। এই দুইয়ের সমন্বয়ে তৈরি হবে একটি একীভূত জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম। এর পাশাপাশি দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। জেলা পর্যায়ে নিয়মিত ক্যারিয়ার ফেয়ার আয়োজনের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে দীর্ঘদিনের দূরত্বের অবসান ঘটিয়ে শক্তিশালী সংযোগ গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তিনি জানান, আগামী ডিসেম্বরে ঢাকা থেকে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও ক্যারিয়ার ফেয়ারের প্রাথমিক কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে এটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।
তিনি বলেন, চাকরিপ্রার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি পূর্ণাঙ্গ এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইকোসিস্টেম গড়ে তোলা হবে। এই উদ্যোগের আওতায় চাকরির বাজারে প্রবেশকারীদের সিভি রাইটিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং ইন্টারভিউ মোকাবিলার মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধনের মাধ্যমে বিদেশে গমনেচ্ছু তরুণ-তরুণীদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ পেতে সহায়তা করা হবে। চাকরিদাতা ও চাকরিপ্রার্থী উভয় পক্ষই এই প্ল্যাটফর্মে নিবন্ধন করবেন এবং সরকার এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে যাচ্ছে যেখানে তরুণদের সঠিক কর্তৃপক্ষের সাথে সংযুক্ত করা হবে।