উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের ওপর সশস্ত্র হামলা ও হত্যার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছে সংস্থাটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এই আহ্বান জানায়।
এর আগে গত রোববার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ছাত্রদলের নেতা-কর্মীদের এই হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার সিদ্ধান্ত নিয়েছে এবং কেন্দ্রীয় ছাত্রদল অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, হামলার শিকার গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের ওপর আক্রমণ জনগণের তথ্য জানার অধিকার খর্ব করে এবং এর প্রতিকার রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহায়ত্ব ও পুলিশের ব্যর্থতা তুলে ধরে ইফতেখারুজ্জামান উল্লেখ করেন, ক্ষমতার লড়াইকেন্দ্রিক সমস্যার সমাধান কেবল অপরাধীদের জবাবদিহির মাধ্যমে সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর আমূল সংস্কার ও আত্মশুদ্ধি ছাড়া মৌলিক অধিকারগুলো অর্জন ঝুঁকির মুখে পড়বে। দলীয় প্রভাবমুক্ত হয়ে প্রশাসন যেন দায়িত্ব পালন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।