উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে উঠেছে পাকিস্তান। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেটে ১১১ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন তাওহীদ হৃদয়। ২৫ বলের ইনিংসে তিনি ২টি চার ও ৪টি ছক্কা মারেন।
সাইফ হাসান ১৭ বলে ১৯, মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ ও মাহেদী হাসান ৪ বলে অপরাজিত ৮ রান করেন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১৯ রান। পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া আরাফাত মিনহাস ২৩ রান দিয়ে পান ২ উইকেট এবং সাইম আইয়ুব ১ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের এবং ৫৩ রান তুলতেই তারা ৪ উইকেট হারিয়ে ফেলে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন হাসান নওয়াজ ও আবদুল সামাদ। পঞ্চম উইকেটে মাত্র ২৪ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।
শেষ পর্যন্ত ১১.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। হাসান নওয়াজ ২২ বলে অপরাজিত ২৭ এবং আবদুল সামাদ ১৫ বলে অপরাজিত ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে মাহেদী, নাসুম, মুস্তাফিজ ও রিশাদ ১টি করে উইকেট নেন এবং এই হারে সেমিফাইনালেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান।