উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমানকে (স্বপন) আটক করা হয়েছে। তিনি শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার ৫ অক্টোবর ২০২৬ তারিখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি-২) তাকে আটক করে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
পুলিশ ও এসআরবি সূত্রে জানা যায়, মিজানুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা এবং ফুটপাত থেকে চাঁদা আদায়ের অভিযোগ অন্যতম।
এছাড়া আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তির মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও তিনি মাসিক চাঁদা নিতেন বলে অভিযোগ রয়েছে। এসআরবির দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে পুলিশ।