উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একযোগে বাংলাদেশ বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি, সংযুক্তি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে এবং এতে স্বাক্ষর করেন ব্যবস্থাপক ওম্মে কুলছুম।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কার্যালয় থেকে বোসরা ইসলামকে পরিচালক প্রশাসন ও মানবসম্পদের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ইকবাল আহমেদ আলীকে মহাব্যবস্থাপক (কার্গো) এবং এ.এইচ.এম. শফিউল বারীকে মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) পদে বদলি করা হয়েছে। এছাড়া শাহনুর আহমেদকে মহাব্যবস্থাপক (গ্রাহক সেবা) পদে মূল দায়িত্ব দিয়ে জনসংযোগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
মহিউদ্দিন আহমেদকে মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিসেস) পদে এবং শেখ আব্বাস হোসেনকে পরিকল্পনা ও কর্পোরেট প্ল্যানিংয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খন্দকার বাকী উদ্দিন আহমদকে মহাব্যবস্থাপক (স্টোর এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট) হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এম. এম. আরিফুর রহমানকে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট প্ল্যানিং) পদে বদলি করা হয়েছে।
মো. ফজরুল আলমকে উপমহাব্যবস্থাপক (মানবসম্পদ) এবং এ জেড এম আরিফকে উপমহাব্যবস্থাপক (পোল্ট্রি কমপ্লেক্স) পদে বদলি করা হয়েছে। আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন দায়িত্ব অনুযায়ী অবিলম্বে কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।