উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। সোমবার ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগ এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নিয়ম রয়েছে।
বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও এই সিদ্ধান্তটি জানানো হয়েছে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনার কথা বলে গত ১২ আগস্ট দোকানপাট বন্ধের সময় রাত ৮টা করা হয়েছিল। চলতি বছর জ্বালানি সংকটের মধ্যে দোকানপাট খোলা রাখার সময় কয়েক দফা পরিবর্তন করেছে সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর জ্বালানি সংকট দেখা দিলে এপ্রিলের শুরুতে দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্ত হয় যা পরে ব্যবসায়ীদের দাবিতে বাড়ানো হয়েছিল।