উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকির ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই নিরাপত্তা জোরদার করা হয়। মঙ্গলবার বোমা হামলা হবে—এমন একটি ই-মেইল বার্তা পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন জানান, নিরাপত্তার স্বার্থেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মঙ্গলবার পুলিশের উপস্থিতি আরও বাড়ানো হবে। থানা পুলিশের পাশাপাশি একাধিক গোয়েন্দা সংস্থা এই ঘটনার তদন্ত করছে।
রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি অজ্ঞাত ই-মেইল ঠিকানা থেকে এই হুমকি পাঠানো হয়। ইমেলটিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক গণবোমা হামলা চালানো হবে এবং তা কেউ থামাতে পারবে না।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং এটি কোনো সম্ভাব্য হুমকি নয়। ইতোমধ্যে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ডিএমপির সাইবার টিম বিষয়টি তদন্ত করছে।