উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বংশালের মিরনজিল্লা হরিজনপল্লিতে গায়ে কেরোসিন ঢেলে এক নারীর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী নারীর নাম নিশা রানী (২৮) এবং গ্রেপ্তার দুজন হলেন মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা।
পুলিশের দেওয়া বিবরণ অনুযায়ী, গত ২ অক্টোবর সকালে নিশা রানী তাঁর বান্ধবী মিনাক্ষী রানীর সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে যান। সেখানে মিনাক্ষীর কথিত প্রেমিক বিকি বাবুর সঙ্গে তাঁদের দেখা হয় এবং পরে তাঁরা রমনা কালীমন্দিরে যান। মন্দিরে মিনাক্ষী ও বিকির ঘনিষ্ঠ আচরণ দেখে নিশা মানসিকভাবে ক্ষুব্ধ হন এবং বিভিন্ন সময়ে আত্মহননের চেষ্টা চালান।
ওই দিন সন্ধ্যায় মিনাক্ষীর স্বামী কর্মস্থল কুমিল্লায় চলে যাওয়ার পর বিকি মিনাক্ষীর বাসায় যান এবং খবর পেয়ে নিশাও সেখানে উপস্থিত হন। সেখানে সম্পর্কের মধ্যে বাধা দেওয়ার অভিযোগ তুলে নিশাকে গালমন্দ ও অপমান করেন বিকি ও মিনাক্ষী। এতে চরম বিপর্যস্ত হয়ে গত ২ অক্টোবর দিবাগত রাত তিনটার দিকে মিনাক্ষীর বাসায় তাঁদের সামনেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন নিশা।