উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিজের সৃষ্টি করা এআই মডেল মানব বুদ্ধিমত্তার চেয়ে শক্তিশালী হয়ে উঠলে সুরক্ষাবলয় তৈরির প্রচলিত নিয়ম রয়েছে। কিন্তু এআই কোম্পানি অ্যানথ্রোপিক একটু ভিন্ন পথ বেছে নিয়েছে এবং তারা সাহায্য নিয়েছে একজন হিন্দু সন্ন্যাসীর।
তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লড-কে কোনটা ভুল আর কোনটা সঠিক তা বোঝাতে রামকৃষ্ণ মিশনের বিশিষ্ট সন্ন্যাসী ও নিউ ইয়র্কের বেদান্ত সোসাইটির প্রধান স্বামী সর্বপ্রিয়ানন্দকে সান ফ্রানসিসকোতে আমন্ত্রণ জানানো হয়। টাইমস অব ইন্ডিয়া-তে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অ্যানথ্রোপিক তাদের এআই মডেলকে কেবল কয়েকটি কঠোর নিষিদ্ধ নিয়মের জালে বেঁধে রাখতে চায় না।
তারা একটি সংবিধান এবং সোল ডক নামের এক সেট নীতি ব্যবহার করছে, যাতে অপ্রত্যাশিত পরিস্থিতিতে এআই নিজস্ব নৈতিক বিচারবুদ্ধি প্রয়োগ করতে পারে। একজন প্রোগ্রামার এআই-কে জৈব অস্ত্র তৈরিতে সাহায্য না করার নিয়ম সেট করতে পারেন, কিন্তু দুটি নীতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হলে শুধু গাণিতিক নিয়ম কাজ করে না।
স্বামী সর্বপ্রিয়ানন্দকে নির্বাচন করার কারণ হলো অদ্বৈত বেদান্ত দর্শন চেতনা ও অস্তিত্ব নিয়ে গভীর আলোচনা করে। শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শনে বলা হয়েছে, সব জীবের মধ্যে যদি একই অন্তর্দৃষ্টি বিরাজ করে, তবে অন্যের সঙ্গে আচরণের ধরণটি তার নিজের আত্মোপলব্ধির সঙ্গে যুক্ত।
অ্যানথ্রোপিক জানতে চায়, শুধু ওপর থেকে নিয়ম চাপিয়ে দেওয়া নয়, বরং এআই তার নিজস্ব সত্তার স্বরূপ বুঝে নীতিমান আচরণ গড়ে তুলতে পারে কি না।