উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের আয়োজনে ফোরাম সদস্যদের সদ্য প্রকাশিত বইপরিচিতি এবং লেখক-প্রকাশক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম পূর্ব চত্বরে ইসলামি বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে এ সভা হয়। ফোরাম সভাপতি আমিন ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নকীব মাহমুদের সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
'কেমন লেখক চাই, কেমন প্রকাশক চাই' প্রতিপাদ্যকে সামনে রেখে লেখকরা প্রকাশকদের আরও দায়িত্বশীল, একনিষ্ঠ ও লেখকদের রয়্যালিটি যথাসময়ে দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রকাশকদের মাধ্যমে লেখকদের পাঠকের কাছে পৌঁছাতে হয় এবং প্রকাশকরা লেখকদের প্রতি যত্নশীল ও যথাযথ মর্যাদা দিলে তারা লেখালেখিতে আরও আগ্রহী হবেন।
অন্যদিকে প্রকাশকরা লেখকদের প্রতি ভালো কনটেন্ট বাছাই, লেখার গুণগত মান উন্নত করা এবং যত্ন নিয়ে বই লেখার আহ্বান জানান। তারা উল্লেখ করেন যে, এখন লেখকদের কেউ কেউ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতায় কনটেন্ট লিখছেন যা প্রকাশকদের জন্য ঝামেলা তৈরি করছে এবং বাজারের গতানুগতিক ধারা থেকে লেখকদের বেরিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে লেখকদের পক্ষে মাওলানা লিয়াকত আলী, মুহাম্মদ যাইনুল আবিদীন, আবুল হাসান শামসাবাদী, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির ও হুমায়ুন আইয়ুব উপস্থিত ছিলেন। এছাড়া প্রকাশকদের পক্ষে ওবায়েদুল্লাহ আযহারী, রফিকুল ইসলাম, আহমাদ গালিব, আবদুল্লাহ খান ও আবদুল মান্নানসহ অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।