উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার আদালত থেকে আবার পালিয়েছেন হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম। এর আগে একবার পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছিল। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আদালতকক্ষ থেকে কৌশলে পালিয়ে যান।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আসামির পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি শরিফুল আদালতকক্ষ থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন। তার পলায়নের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত ও নতুন মামলা হবে।
আদালত সূত্রে জানা যায়, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এই মামলার শুনানি ছিল। খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ছয় বছর ধরে কারাগারে থাকা শরিফুলকে এর আগেও ১৯ জুন ২০২৫ সালে আদালত প্রাঙ্গণ থেকে পালানোর সময় পুলিশকে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ছিল।
দিনাজপুরের শফিক আহমেদের ছেলে শরিফুলের পলায়নের পর তাকে গ্রেফতারে পুলিশি চেষ্টা চলছে। তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল আবদুল আলিম। ২০১৮ সালে দায়ের হওয়া খিলগাঁও থানার হত্যা মামলার এই আসামিকে ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।