উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে ভূমিকম্প মোকাবিলায় বিদ্যমান প্রস্তুতি কেমন, তা দ্রুত খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নির্দেশনার পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকায় দ্রুত আগাম বার্তা পৌঁছানো এবং আশ্রয়কেন্দ্রগুলোর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জোর সুপারিশও করা হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম, এমপি-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইনসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ অংশ নেন। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর পরিচিতি পর্ব শেষে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও বিগত ছয় মাসের অগ্রগতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে ঢাকাসহ সারাদেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্প মোকাবিলায় বর্তমান প্রস্তুতি পরবর্তী সভায় জানানোর সুপারিশ করা হয়।
দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে দ্রুততম সময়ে আগাম বার্তা পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জেলাভিত্তিক আশ্রয়কেন্দ্র ও স্বেচ্ছাসেবকদের হালনাগাদ তালিকা স্থানীয় সংসদ সদস্যদের কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া সরকারি সকল সাহায্য ও ত্রাণ বরাদ্দ সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রগুলো সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখা এবং নির্মাণকাজে ঠিকাদাররা যাতে কোনোভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে না পারে, সেজন্য কঠোর নজরদারির সুপারিশ করেছে কমিটি। এর আগে সভাপতির বক্তব্যে মুন্সী রফিকুল আলম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনের নিহতদের স্মরণ করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। বৈঠকে মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।