উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন। সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এই সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়।
মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
টেলিকমভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের আলোচনা হয়। প্রয়োজন অনুযায়ী যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করে এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও এই বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।