উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লোকসানে থাকা সরকারি চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চিনি উৎপাদনের পাশাপাশি আখের উপজাত ও অন্যান্য পণ্য ব্যবহার করে বায়োপ্রোডাক্ট তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো: আবুল কালাম এমপির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এমপি, মনজুর এলাহী এমপি, মো: এনামুল হক এমপি এবং মাসুদ সাঈদী এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে শিল্প খাতের উৎপাদন বাড়ানো, সরকারি বিনিয়োগের সর্বোত্তম ব্যবহার, শিল্পপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং চলমান প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
চিনি উৎপাদনের পাশাপাশি অন্যান্য পণ্য থেকে কিভাবে বায়োপ্রোডাক্ট তৈরি করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক করা যায়, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের জনবল পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিটি। কোন প্রতিষ্ঠানের কোন পদে কতটি শূন্য পদ রয়েছে এবং এর মধ্যে কতটি পদে ইতোমধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেসব তথ্যও চাওয়া হয়েছে।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর কমিটির প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন করা হয়। এ সময় বিসিআইসি-এর আওতাধীন সার কারখানাগুলোর উৎপাদন পরিস্থিতি, গ্যাস সরবরাহ এবং কারখানা পরিচালনায় বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।