উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এবারের শারদীয় দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি জানান, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকবে ডিএমপি।
আজ মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। মহালয়া থেকে শুরু করে পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন।
দুর্গাপূজা চলাকালে পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। পূজা উদ্যাপন পরিষদের নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজেদের মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরও সচেষ্ট থাকতে হবে এবং স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখতে হবে।
জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়ে তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় পূজা নিরাপদ ও আনন্দঘন হবে বলে আশা প্রকাশ করেন। সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন এবং পূজা কমিটির নেতারা পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।