উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার ফেরিতে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে আশরাফ হোসেন আসাদ নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ফতুল্লার বক্তাবলি ফেরিঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেন আসাদ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি ওই ফেরিঘাটে যানবাহনের শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন।
সোমবার দুপুরে ধলেশ্বরী নদী পারাপারের ফেরিতে প্রথমে একটি ট্রাক ওঠে। এরপর আরেকটি ট্রাক ফেরিতে ওঠার সময় আশরাফ যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণ করছিলেন।
এসময় পেছনের ট্রাকটি দ্রুতগতিতে ফেরিতে ওঠার চেষ্টা করলে তিনি দুই ট্রাকের মাঝখানে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বাসস’কে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।