উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কবিরাজের পরামর্শে ঝাড়ফুঁক ও কথিত চিকিৎসা দেওয়ার সময় বাবার হাতে সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঈদ জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং তার বাবা নুর মোহাম্মদ নিজেও কবিরাজি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার নিজ বাড়িতে এক ভণ্ড পীরের পরামর্শ অনুযায়ী ছেলেকে কথিত চিকিৎসা দিচ্ছিলেন নুর মোহাম্মদ। এ সময় ঝাড়ফুঁকের পাশাপাশি তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং মুখের ভেতর লাঠিসদৃশ বস্তু ঢোকানো হলে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে তার মৃত্যু হয়।
জুলধা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বদি জানান, অভিযুক্ত নুর মোহাম্মদ তাদের ইউনিয়নেরই চৌকিদার এবং গত দুই-তিন দিন ধরে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা গেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।