উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কড়াইল বস্তিতে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৯০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. আরিফ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাদক কারবারের সঙ্গে জড়িত মনির হোসেন (৪৪) নামে আরেক ব্যক্তি পলাতক রয়েছেন। মঙ্গলবার ৬ অক্টোবর বনানী থানাধীন এরশাদ মাঠ, কড়াইল বস্তির টি অ্যান্ড টি কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিএনসি ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, দলটির নেতৃত্বে কড়াইল বস্তির ওয়ার্ড ২০ এলাকায় মো. আরিফ হোসেনের আরিফ জেনারেল স্টোর নামের মুদি দোকানে অভিযান চালানো হয়। পূর্বমুখী সেমিপাকা এক কক্ষের ওই দোকানে তল্লাশি চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১ লাখ ৯০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও দুটি ভাঙা তালা উদ্ধার করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, অভিযানে আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হলেও মাদক কারবারের মূল হোতা হিসেবে চিহ্নিত মনির হোসেন পালিয়ে যায়। তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে। অধিদপ্তরের দাবি, মনির হোসেন দীর্ঘদিন ধরে কড়াইল বস্তি এলাকায় বিভিন্ন স্পট দখল করে ইয়াবা ও হেরোইন বিক্রি করে আসছিলেন।
ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তার আরিফ হোসেন ও পলাতক মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সংশোধিত ২০২৬ অনুযায়ী বনানী থানায় মামলা করার কার্যক্রম চলছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক মো. এমদাদুল হক খাঁন। ডিএনসি জানায়, সরকারের মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের অভিযান অব্যাহত থাকবে।