উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকারের একেকটা সিদ্ধান্ত কীভাবে গরিবের পেটে লাথি মারে, ডিমের দাম তার সাক্ষী। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মানুষের আয় বাড়েনি অথচ বেঁচে থাকার খরচ বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, একটি ডিমের দাম ১৫ টাকা এবং হালি ৫৫ টাকা হওয়ায় তা কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম। মাছ-মাংস কেনার সামর্থ্য না থাকা মানুষ ও মেসে থাকা তরুণদের প্রোটিনের একমাত্র ভরসা এই ডিম। চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজির দাম বাড়ার পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা হয়েছে এবং দুধের দামও বৃদ্ধি পেয়েছে।
দাম বাড়ার পেছনে তিনটি কারণ উল্লেখ করে তিনি বলেন, প্রথমত মেগা প্রজেক্ট ও কার্ড ছাপানোর জন্য প্রায় ২০ শতাংশ বড় বাজেট বানানো হয়েছে। দ্বিতীয়ত, সরকার হুট করে বিদ্যুৎ আর জ্বালানির দাম বাড়ানোর ফলে উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে গেছে। তৃতীয়ত, সিন্ডিকেট আর রাজনৈতিক চাঁদাবাজির কারণে সাধারণ মানুষকে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দামে পণ্য কিনতে হচ্ছে।
তিনি আরও বলেন, এনসিপির নির্বাচনি ইশতেহার ও ছায়া বাজেটে ধনীদের ট্যাক্স ফাঁকি বন্ধ করা এবং অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এর মাধ্যমে মধ্যবিত্তের ওপর ট্যাক্স কমানো, নিত্যপণ্যের ভ্যাট তুলে নেওয়া এবং জ্বালানিতে বাড়তি ভর্তুকি দেওয়া সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।