উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী মাসুমা খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমার দাবি, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশেই তিনি যশোর থেকে বাসে করে এই হেরোইনের চালান ঢাকায় নিয়ে আসছিলেন। এর আগেও একই উপায়ে তিনি আরও দুবার হেরোইন বহন করেছেন বলে জানান তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালায়। সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসের মাঝের আসনে বসা মাসুমা খাতুনকে আটক করে নারী সদস্যদের সহায়তায় তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো পলিব্যাগে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ডিএনসি জানায়, প্রাথমিক অনুসন্ধানে মাসুমার মেয়ের যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং তাকে আইনের আওতায় আনতে অভিযান চলছে। শুধু বহনকারী নন, মাদকের উৎস, সরবরাহকারী, মূল গন্তব্য এবং এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদেরও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার মাসুমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।