উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার দীর্ঘ ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আগামীকাল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ) এবং মিরপুর-১০ (পশ্চিমাংশ)।
এ ছাড়া মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডানপাশ), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উল্লিখিত সময়ে এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস থাকবে না।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময় তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে আগাম দুঃখ প্রকাশ করেছে।