উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ছবি সংরক্ষণ ও খোঁজার জনপ্রিয় মাধ্যম গুগল ফটোসে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে পাঁচটি নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সম্পাদনা, ছবির সংগ্রহ ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো নানা সুবিধা মিলবে এসব ফিচারে। জেমিনি, ডিজিটাল ওয়ারড্রোব, মুডস, রিমিক্স টেমপ্লেটস ও উন্নত মার্কআপ টুলের মাধ্যমে ছবি খোঁজা ও সম্পাদনার কাজ আরও সহজ হবে।
বড় ছবির সংগ্রহ থেকে প্রয়োজনীয় ছবি খুঁজে পেতে দীর্ঘ সময় স্ক্রল করার ঝামেলা কমাতে জেমিনি-ভিত্তিক নতুন সুবিধা আনা হয়েছে। নির্দিষ্ট নির্দেশনা দিলেই এআই প্রয়োজনীয় ছবি খুঁজে দেবে এবং ছবিতে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে সহায়তা করবে। তবে শুরুতে এই সুবিধাটি সীমিতসংখ্যক গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু করা হচ্ছে।
নতুন ডিজিটাল ওয়ারড্রোব ফিচারটি ছবিতে থাকা পোশাক শনাক্ত করে সেগুলোর আলাদা ডিজিটাল সংগ্রহ তৈরি করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পোশাক সহজেই খুঁজে পাবেন এবং বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন সাজ তৈরি করতে পারবেন। শুরুতে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে এই সুবিধাটি চালু করা হচ্ছে।
ছবির সামগ্রিক চেহারা ও আবহ বদলাতে মুডস ফিচার ব্যবহার করা যাবে, যাতে ৩৫ মিলিমিটার ফিল্ম বা ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরার মতো দৃশ্যধর্মী ধরন প্রয়োগ করা যায়। সাধারণ ফিল্টারের চেয়ে ছবির রূপ পুরোপুরি বদলে দেওয়াই এই ফিচারের মূল লক্ষ্য এবং এটি বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে। এছাড়া ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট যুক্ত হওয়ায় জন্মদিনের কার্ডের মতো সৃজনশীল নকশা সহজেই তৈরি করা যাবে।
গুগল ফটোসের মার্কআপ টুলেও নতুন রিডাক্ট পেন যুক্ত করা হয়েছে যার মাধ্যমে ছবি বা স্ক্রিনশটের ব্যক্তিগত ও গোপন তথ্য ঢেকে রাখা যাবে। স্কেচ করার সময় কলমের পুরুত্ব নিয়ন্ত্রণ এবং ছবিতে লেখার জন্য নতুন ফন্ট ব্যবহারের সুযোগও রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এই সুবিধাগুলো ইতিমধ্যে চালু করা হচ্ছে।