উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০। আগামী ৮ ও ৯ অক্টোবর ২০২৬ নিটার ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। নিটার টেক্সটাইল ক্লাব আয়োজিত এ উৎসবে কনসার্ট ও বিনোদন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওরুভা বাই প্রতিভা।
আয়োজকদের প্রত্যাশা, প্রতিষ্ঠানটির অংশগ্রহণ উৎসবের বিনোদন পর্বে নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থী ও তরুণদের জন্য আয়োজনটি আরও আকর্ষণীয় করে তুলবে। টেক্সটাইল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষার্থী, উদ্যোক্তা, শিল্পপতি ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংসদ সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সভাপতি শওকত আজিজ রাসেল, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)সহ টেক্সটাইল ও শিল্প খাতের আরও বিশিষ্ট ব্যক্তিরা।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ড. উপমা কবির, লিটল স্টার স্পিনিং মিলস লিমিটেডের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, ওরুভা বাই প্রতিভার পরিচালক ও সানসেট হোটেল অ্যান্ড রিসোর্টের মালিক প্রতিভা শাওনসহ আরও অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে। টেক্সটাইল, প্রতিভা, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয়ে আয়োজিত এ উৎসবকে ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজকদের আশা, আগামী ৮ ও ৯ অক্টোবর নিটার ক্যাম্পাসে টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০ একটি বর্ণাঢ্য ও স্মরণীয় আয়োজনে পরিণত হবে।