উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলের তরুণদের খেলাধুলার সুযোগ বাড়াতে সরকার এই পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে বিকশিত হওয়ার পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরাফাত রহমান কোকোর স্মরণে কালামপুর যুবক সমিতির আয়োজনে এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্যারাডাইস এফসি ও ধামরাইয়ের সোনালী অতীত। ম্যাচকে কেন্দ্র করে দুপুর থেকেই মাঠে বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীদের ভিড় জমে এবং পুরো এলাকা দর্শকে পূর্ণ হয়ে যায়।
ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ম্যাচটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচকে ঘিরে ভালুম আতাউর রহমান খান কলেজ মাঠ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।