উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ বা সিপিএসআরের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকেরা অংশগ্রহণ করবেন। তুরস্কে এই সম্মেলনে অংশগ্রহণ শেষে শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন এবং আগামী ১১ অক্টোবর সকালে দেশে ফিরবেন।
বিমানবন্দরে শফিকুর রহমানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এছাড়া এ সময় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।