উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশাবাদ প্রকাশ করেন।
অর্থমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তা অর্জন করতে পারব বলে আশা করছি কারণ এনবিআরের কর্মকর্তারা অত্যন্ত উদ্দীপনা নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মাত্র দেড় মাসের তথ্য দেখে চূড়ান্ত বিচার করা যায় না উল্লেখ করে তিনি জানান, রাজস্ব আদায় একটি ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় এত দ্রুত কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়।
দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, রাজস্ব আদায় ধীরে ধীরে গতি পাচ্ছে এবং মানুষকে কর দিতে আমাদের উৎসাহিত করতে হবে। মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া কর দিতে পারে, আমরা তা নিশ্চিত করার চেষ্টা করছি এবং পরিস্থিতি বেশ ভালোভাবেই এগোচ্ছে।
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রবৃদ্ধি পূর্বাভাস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংক্ষেপে অপেক্ষা করুন এবং দেখুন বলে মন্তব্য করেন। বিশ্বব্যাংকের প্রতিবেদনে ২০২৬ ও ২০২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে তিন দশমিক চার শতাংশ করা হয়েছে।