উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না—এমন মন্তব্য করা ভাইরাল অডিওর কণ্ঠস্বরটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলামের বলে নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের অনুমতি নিয়ে ভয়েস পরীক্ষার মাধ্যমে অডিওটি শনাক্ত করা হয়েছে।
বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, কণ্ঠটি যে সাবেক ওসির ছিল, তা পরীক্ষায় প্রমাণিত হয়েছে। তিনি কার সঙ্গে এবং কেন এমন কথা বলেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন ওষুধসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ আল-মামুন, মো. সাজু ও মো. সজীব। ঢাকা উদ্যান এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।
অভিযানে শিশুদের সিরাপ, ক্যাপসুলসহ বিভিন্ন ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানিয়েছে, এসব ভেজাল পণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।