উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা আজ ৭ অক্টোবর বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে শুরু হচ্ছে। আগামী ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। ইলিশ সম্পদ উন্নয়ন ও প্রজনন নিরাপদ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্স নিয়মিত অভিযান পরিচালনা করবে এবং আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত ৪১ হাজার জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা সামনে রেখে চাঁদপুরের জেলেরা নৌকা ও জাল গুটিয়ে ডাঙায় তুলেছেন এবং কেউ কেউ জাল সংস্কারে ব্যস্ত সময় পার করছেন।
চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে একাধিকবার সমন্বয় সভা হয়েছে এবং জেলেদের সতর্ক করতে প্রচারণা চালানো হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুর ইসলাম বলেন, মা ইলিশের প্রজনন নিরাপদ করতে টাস্কফোর্স কঠোর অবস্থানে থাকবে।
স্থানীয় জেলেরা মা ইলিশ রক্ষায় সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও বহিরাগত জেলেদের নিয়ন্ত্রণ ও খালের মুখে পাহারার দাবি জানিয়েছেন। মৎস্য ব্যবসায়ীরাও প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়ে বাইরের জেলার জেলেদের প্রবেশ রোধ করার ওপর জোর দিয়েছেন।