উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার ৭ অক্টোবর দুপুরে সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।
নবনিযুক্ত এডিশনাল পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটরগণ সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের যোগদানপত্র প্রদান করেন। যোগদান অনুষ্ঠানে বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাহ আশরাফুল ইসলাম আশরাফ এবং জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. মসরুর চৌধুরী শওকতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
যোগদানকালে নবনিযুক্ত প্রসিকিউটররা সিলেট মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সমুন্নত রাখতে পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় জানান।
অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের নেতৃত্বে এই আনুষ্ঠানিক যোগদানের মধ্য দিয়ে মহানগর দায়রা জজ আদালতে নবনিযুক্ত প্যানেলের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রমের শুভ সূচনা হলো। অনুষ্ঠানে মহানগর দায়রা জজ আদালতের বহু অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর উপস্থিত ছিলেন।