উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা জংশনে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইলিশা জংশন প্রিমিয়ার লীগ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার ২ অক্টোবর বিকেল ৩টায় মৌলভীহাট হোসানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে টুর্নামেন্টের খেলা শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। টুর্নামেন্টে বাইয়ান মিনিক ও বরিশিয়া ডটকম নামে দুটি দল অংশ নেয় এবং উদীয়মান ও সোনালী অতীতের খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয় এবং নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শান্ত ও সোহাগ এবং টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন এলাকার কবির মিঝি ও শরীফ ফরাজী। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা নজরুল ইসলাম সরদার সুমন এবং বিশেষ অতিথি ছিলেন রাফসান ও জুয়েল ফরাজীসহ বিভিন্ন নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন যে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় বরং এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে তোলে। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা মত প্রকাশ করেন। পরে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে এই জমজমাট টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।