উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর বাতিলের দাবিতে আন্দোলনে দ্বিতীয় দিনেও আইন অমান্য করে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। গ্রেপ্তার হয়েছেন অশীতিপর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিরোধী ইন্ডিয়া জোটের অন্যান্য শীর্ষ নেতারাও। গ্রেপ্তার হওয়ার সামান্য আগে রাহুল বলেন যে জ্ঞানেশ কুমার একজন অবৈধ মুখ্য নির্বাচন কমিশনার এবং নরেন্দ্র মোদির নির্দেশে দেশের গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে।
বুধবার ইন্ডিয়া জোটের নেতারা গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জনপথ এলাকা ঘিরে ফেলে। মধ্যাহ্নভোজের পর বিরোধী নেতারা দুটি বাসে উঠে যন্তর মন্তরের দিকে রওনা হন এবং পুলিশি বাধা পেরিয়ে তাঁরা হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আটক এড়াতে প্রিয়াঙ্কা মাটিতে শুয়ে পড়েন এবং রাহুল রাস্তায় বসে পড়েন, যার ফলে পুলিশ তাঁদের পাঁজাকোলা করে বাসে তুলতে বাধ্য হয়।
দেশজুড়ে চলা এই তীব্র আন্দোলনের মুখে পড়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁর ছত্তিশগড় সফর বাতিল করেছেন। এর আগে তিনি উত্তর প্রদেশ, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ড সফরও বাতিল করেছিলেন। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে জনরোষ এড়াতে তাঁকে আপাতত দিল্লি না ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।