উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ধর্ম পালন সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, জাতীয় সংসদ থেকে কোনো নোটিশ জারি করে কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যায় না।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ইমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালুর দাবি জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইসলাম মানবতার ধর্ম এবং ধর্ম পালন প্রতিটি মানুষের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। সবাই নিজ নিজ বিশ্বাসের ওপর ভিত্তি করে ধর্ম পালন করবেন বলেই সংসদীয় প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরে নামাজ নিয়ে বক্তব্য রাখতে গেলে ময়মনসিংহের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের বক্তব্য থামিয়ে দেন স্পিকার। বিষয়টি নিয়ে যাতে নতুন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সে বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে রুলিং প্রদান করেন।