উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান। উপদেষ্টা কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুফিউর রহমানকে অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। বুধবার (৭ অক্টোবর) জাতিসংঘ মানবাধিকার পরিষদ এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা কমিটি মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষজ্ঞ সংস্থা। এটি মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি কাউন্সিলের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করে এ কমিটি।
এর আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন সুফিউর রহমান। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে। এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান।
অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসছেন তিনি।