উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। বুধবার দুপুরে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, দুর্গোৎসব চলাকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দলটি ভারতের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল।
বর্তমানে ভারতে অবস্থান করে দলটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এই সম্প্রীতি বজায় রাখতে দুর্গাপূজার সময় বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ঢাকার যানজট প্রসঙ্গে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে রাজধানীতে যানজট বাড়ছে এবং সরকার এ বিষয়ে নীতিমালা তৈরির কাজ করছে। তবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বিষয়টি নিয়ে রাজনীতি করছেন এবং অটোরিকশাচালকদের আন্দোলনে নেপথ্য থেকে ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।