উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে বন্দর ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বন্দর পরিচালনায় দেশীয় সক্ষমতা বজায় রাখা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জোর দাবি জানান। তারা বলেন, এনসিটি বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবিলম্বে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া বাতিল বা পুনর্বিবেচনা না করা হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
সমাবেশ শেষে বন্দর ভবনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করা হয় যা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিকে, আন্দোলনকারীরা নিজেদের দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় বন্দর ভবনের সামনে পুনরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন।