উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. রিয়াদ ও রিগেন চক্রবর্তী। একই ঘটনায় প্রণয় কর্মকার নামে আরও একজন আহত হয়েছেন। হতাহত সবাই ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কক্সবাজারমুখী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত প্রণয় কর্মকারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।