উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি এবং ওসিওয়াই ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সরকারি আমন্ত্রণপত্র অনুযায়ী বিকেল ৩টায় ঢাকার ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তিটি ঠেকাতে বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতারা।
বিদেশি অপারেটরদের হাতে টার্মিনাল তুলে দেওয়ার প্রতিবাদে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বন্দর রক্ষা কমিটির উদ্যোগে গতকাল প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন বন্দরকেন্দ্রিক শ্রমিক-কর্মচারী, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। এছাড়া গতকাল রাত ৭টায় একটি মশাল মিছিলও অনুষ্ঠিত হয়। বিদেশি অপারেটর বিরোধী এই আন্দোলনে বিএনপি, জামায়াত, বামপন্থি এবং আওয়ামী লীগ-সমর্থিত শ্রমিক সংগঠনের একাংশও মাঠে রয়েছে।
শ্রমিক নেতারা জানিয়েছেন, দেশের রাজস্ব ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় তারা দলের ঊর্ধ্বে গিয়ে বন্দরের স্বার্থকে বড় করে দেখছেন। পিপিপির তথ্যমতে, ২০২৩ সালের ২৩ মার্চ নীতিগত অনুমোদন পাওয়া এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২০৫ মিলিয়ন ডলার। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দক্ষতা, বিনিয়োগ ও আধুনিক ব্যবস্থাপনা বাড়াতেই বিদেশি অপারেটর যুক্ত করা হচ্ছে। এদিকে চুক্তি স্বাক্ষরিত হলে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছে জামায়াত-সমর্থিত সংগঠন।