উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় অপরাধ দমনে পরিচালিত অভিযানে মোট ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে রাজধানীর বিভিন্ন বিভাগ থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন এবং মতিঝিল বিভাগ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ ৯ জন ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করে। পাশাপাশি একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প এবং ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা এবং ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু এবং অন্যান্য উৎপাদন সামগ্রী রয়েছে। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।